
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দসহ ১৩ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল, ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ এবং ট্রলারে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।