
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি। এই আন্দোলনে সংহতি জানিয়ে টানা ১৮ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর অন্যতম চরিত্রের অনুপ্রেরণা ছিলেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে উদ্বেগজনক বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তার অনশন ভাঙানোর ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাখি সাওয়ান্ত বলেন, “আমি নিজে যন্তর মন্তরে গিয়ে সোনমের অনশন ভাঙাতে চাই। ওঁনার জন্য লেবুর জল, আমের শরবত এবং মৌসুমি লেবুর জুস নিয়ে যাব।”তিনি আরও বলেন, “আপনি কিছু ফালতু মানুষের জন্য নিজেকে এভাবে শেষ করে দেবেন না। আপনি আমাদের দেশের অমূল্য রতন। আপনার বেঁচে থাকা খুব জরুরি।”
এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী জিনাত আমন, সোনি রাজদান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠকের মতো বর্ষীয়ান শিল্পীরা।ইতোমধ্যে আন্দোলনস্থলে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ‘চতুর’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য এবং অভিনেত্রী স্বরা ভাস্কর।সোনম ওয়াংচুকের আন্দোলন ও তার শারীরিক অবস্থা নিয়ে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।