প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
থাইল্যান্ডে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আইজিপি
স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে ‘Scam Center Compounds and Transnational Organized Crime’ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ সম্মেলনের আয়োজন করছে।সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন।সফরকালে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের আইজিপি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।