প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
টেকনাফে ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ পরিত্যক্ত সিএনজি জব্দ
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ জুলাই (শুক্রবার) রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে এলাকায় একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক সিএনজিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও এর বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।