প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
মাইলস্টোনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও দোয়া, নিরাপত্তা জোরদারের আহ্বান
ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়ে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, গত বছরের এই দিনটি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ওইদিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে স্কুলটির ২৮ জন শিক্ষার্থী নিহত হয়। এছাড়া যুদ্ধবিমানের পাইলট, শিক্ষক, কর্মচারী ও কয়েকজন অভিভাবকসহ মোট ৩৬ জন প্রাণ হারান।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একই দিনে এতগুলো শিশুর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনার বিষয়। বর্ষপূর্তিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই কমিটির প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদন প্রকাশ করা হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে দেশবাসী জানতে পারত।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের বরাত দিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আরও বেশি সতর্কতা অবলম্বনের সুযোগ ছিল। তবে সবাই ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে। তিনি মনে করেন, সরকারের তদন্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি আরও স্বচ্ছ হবে এবং প্রতিবেদনে যদি কোনো ধরনের অসতর্কতা বা নিরাপত্তা ঘাটতির বিষয় উঠে আসে, তাহলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।তিনি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।