প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
‘কোনো আফসোস নেই’—বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন কাজল পূর্ণাঙ্গ সংবাদ
যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ ছবির গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। তিনি জানিয়েছেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত এবং এ কারণে ক্যারিয়ারে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।সম্প্রতি পডকাস্টার শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, তিনি কখনোই অন্তরঙ্গ দৃশ্য বা নিজের কাছে অস্বস্তিকর মনে হয়—এমন পোশাকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
তিনি বলেন, “আমি শুধু নিজের কথাই বলতে পারি। পর্দায় অন্তরঙ্গ দৃশ্য কিংবা এমন পোশাক—যেমন বিকিনি—যদি তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে তা করি না। এ কারণেই অনেক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এতে আমার কোনো আফসোস নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।”কাজল আরও বলেন, খুব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তিনি কখনোই স্বস্তি অনুভব করেননি। তাঁর মতে, এসব বিষয় একান্তই ব্যক্তিগত এবং নিজের সীমারেখাকে তিনি সব সময় সম্মান করেছেন।
সাক্ষাৎকারে নারী ও পুরুষ অভিনেতাদের সমালোচনার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে কাজল বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষ কিংবা নারী—উভয়েরই নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে তাঁর মতে, এ ধরনের বিষয়ে নারীরা তুলনামূলকভাবে বেশি সতর্ক থাকেন।মাতৃত্ব তাঁর সিদ্ধান্তে কী প্রভাব ফেলেছে—এ প্রশ্নের জবাবে কাজল বলেন, উদ্যোক্তা গৌতম কিচলুর সঙ্গে তাঁর চার বছর বয়সী ছেলে নীল এখন তাঁর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
তিনি বলেন, “আমার ছেলে বড় হয়ে যখন আমার সিনেমা দেখবে, তখন যেন সে গর্ব অনুভব করে। আমি চাই না কোনো দৃশ্য দেখে সে অস্বস্তিতে পড়ুক বা প্রশ্ন করুক, ‘মা, তুমি এটা কেন করলে?’ তাই এখন আমি খুব সচেতনভাবে সিনেমা নির্বাচন করি।”কাজলের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও, কেউ কেউ এটিকে চলচ্চিত্রে শিল্পীর স্বাধীন পছন্দের উদাহরণ হিসেবে দেখছেন।