প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
প্রেম থেকে পরিণয়: থিয়া বয়সেনকে বিয়ে করলেন মি. বিস্ট
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মি. বিস্ট’ নামে বিশ্বজুড়ে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।ছবির ক্যাপশনে মি. বিস্ট লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।”
লাখ লাখ ডলারের বিশাল বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া রাখেন ২৮ বছর বয়সী এই তারকা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন প্রিয়জনের উপস্থিতিতে শান্ত ও নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ে।বিয়ের পোশাকেও ছিল পরিমিত রুচির ছাপ। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশা করা একটি গাউন। আর মি. বিস্ট ছিলেন সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাইয়ের ধ্রুপদী সাজে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেছিলেন এই যুগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম People-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি বলেছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি সুপার বোলের মতো বিশাল কোনো মঞ্চে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু তিনি চেয়েছিলেন সেই মুহূর্তটি একান্ত ব্যক্তিগত ও স্মরণীয় করে রাখতে।জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই ‘The Marked Children’ পড়ার আগ্রহ প্রকাশ করেন মি. বিস্ট। সেই আলাপ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক।
সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’-তে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে দেন তারা।বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে থিয়া বলেছিলেন, “আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমরা আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ মাত্র।”