
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই নেতা কুশল বিনিময় করেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এ সময় উভয় পক্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জনমানুষের যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়াসহ সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান।বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।