প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
জবাবদিহিমূলক সিটি করপোরেশন গড়ে তুলতে কাজ চলছে: আবদুস সালাম
প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে ডিএসসিসির অঞ্চল-২ কার্যালয়ে ঢাকা ব্যাংকের একটি নতুন কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ বুথ চালু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের বাসিন্দারা সহজেই সিটি করপোরেশনের বিভিন্ন ফি পরিশোধ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, “আগের সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম একটি প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রেখেছিল। বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে। যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে। সেই বিবেচনায় ঢাকা ব্যাংককে এই সুযোগ দেওয়া হয়েছে।”
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে কাজ করছে এবং সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সেবা নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, আঞ্চলিক কার্যালয়গুলোকে এখন থেকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজধানীতে নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, সব লক্ষ্য এখনো অর্জিত না হলেও তা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি পলিথিনের ব্যবহার কমানো এবং ব্যবহৃত পলিথিন ড্রেনে না ফেলার আহ্বান জানান।অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা ব্যাংকের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।