
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে আবারও সহিংস হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী (সেটেলার)দের বিরুদ্ধে। রাতভর চালানো হামলায় নাবলুস জেলার কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দেওয়া হয়। একই সঙ্গে মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দ লিখে রাখা হয়।এদিকে উত্তরপূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও একাধিক ফিলিস্তিনি মালিকানাধীন গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রের দাবি, হামলার সময় সেটেলাররা বিভিন্ন সড়ক অবরোধ করে এবং ফিলিস্তিনিদের চলাচলকারী গাড়িতে পাথর নিক্ষেপ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একদল সেটেলার একটি গ্রামের প্রবেশপথে অবস্থান নিয়ে একটি গাড়িকে গ্রামে প্রবেশ করতে বাধা দিয়ে ফিরে যেতে বাধ্য করছে।এর আগে গত শুক্রবার পশ্চিমতীরের তেল গ্রামে সশস্ত্র সেটেলারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, ওই সময় এক ফিলিস্তিনি একজন সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে দুই ইসরায়েলি নিহত হন। পরবর্তীতে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে ফিলিস্তিনি পক্ষের দাবি, তারা নিজেদের গ্রাম রক্ষার চেষ্টা করছিলেন। সাম্প্রতিক এসব ঘটনার পর পশ্চিমতীরে উত্তেজনা আরও বেড়েছে।