
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস. আলম জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এস. আলম জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয় এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।অভিযান শেষে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং ট্রলিং জাল ধ্বংস করা হয়। পরে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।এদিকে জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।