
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ চুরির একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২০ জুলাই আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তারের বাসায় চুরির ঘটনায় প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল ও ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তার মাহে আলমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে।