
দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে ঘুরেও বয়স্কভাতার কার্ড পাননি ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন। অবশেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলায় এসে বয়স্কভাতার জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন তিনি। শুধু আলতাফ উদ্দিনই নন, এমন শত শত মানুষ এক ছাদের নিচে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা নিতে মেলায় ভিড় করেছেন।সোমবার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ ভাতা ও কৃষি ঋণ মেলা বিকেল পর্যন্ত চলবে। মেলার উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মেলায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আবেদনকারীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।
সকাল থেকেই নারী-পুরুষ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনদের উপস্থিতিতে মেলায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, "এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই বেঁচেছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী।"
বয়স্কভাতার আবেদন করতে আসা খাদিজা বেগম বলেন, "দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে ঘুরেও ভাতার কার্ড পাইনি। আজ এখানে এসে আবেদন করতে পেরেছি। এই সুবিধা পেয়ে আমরা খুবই খুশি।"প্রতিবন্ধী ভাতার আবেদন করতে আসা নাসির উদ্দিনের বাবা রাজু ইসলাম বলেন, "আগেও আবেদন করেছিলাম, কিন্তু কোনো সুবিধা পাইনি। মেলার কথা শুনে এসে আবার বিনামূল্যে আবেদন করলাম।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, "আজকের মেলায় আগত সেবাগ্রহীতাদের আবেদন যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। সমাজসেবা বিভাগের কোনো সেবা পেতে টাকা লাগে না। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।"মেলায় সহজ ও দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত সেবাপ্রার্থীরা। এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।