
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা এবং রাজপথের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “জুলাই-আগস্টের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী প্রজন্মের পথচলার দিকনির্দেশনা হয়ে থাকবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রকৃত শ্রদ্ধা।”তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সাফল্য নয়। এটি ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তাই এই আন্দোলনকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মূল্যায়ন করা উচিত।”
চসিক মেয়র আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠেছিল। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে বলেন, শত প্রতিকূলতা ও কারাভোগের পরও তিনি জনগণের অধিকার আদায়ের পথ থেকে সরে যাননি। একই ধারাবাহিকতায় তারেক রহমান আন্দোলন-সংগ্রামকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।বক্তব্যে মেয়র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধ, রাব্বি, ফারুক, তানভীরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় ব্যক্ত করে ডা. শাহাদাত হোসেন দেশের সব নাগরিককে বিভেদ ভুলে সম্প্রীতি, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চর্চা করার আহ্বান জানান।এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।