
টানা বৃষ্টির অজুহাতে গত দুই-তিন সপ্তাহ ধরে রাজধানীর বাজারে সবজির দাম ছিল চড়া। ওই সময়ে ১০০ থেকে ১২০ টাকার নিচে বলতে গেলে কোনো সবজিই পাওয়া যাচ্ছিল না। তবে সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া গেলেও কয়েকটি সবজির দাম এখনো ১০০ টাকার ঘরে রয়েছে।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। গত কয়েকদিন কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৪০০ টাকা পর্যন্ত উঠলেও বর্তমানে তা কমে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমান বাজারে প্রতি কেজি বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকা, মুলা কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, গোল বেগুন কেজি ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কচু ৮০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী রইস উদ্দিন বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কিছুটা কম মনে হচ্ছে। তবে এখনো অনেক সবজি ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। আবার ৬০ থেকে ৮০ টাকার মধ্যেও বেশ কিছু সবজি পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমে ৩২০ টাকা হয়েছে।
তিনি বলেন, সবমিলিয়ে গত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, মূলত টানা বৃষ্টির কারণে খেতে অনেক সবজি নষ্ট হয়েছিল। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহে সবজির দাম বেড়ে যায়। এখন সরবরাহ কিছুটা বাড়ায় দামও কমেছে।তিনি বলেন, আবার টানা বৃষ্টি না হলে সবজির দাম কমতির দিকেই থাকবে। বর্তমানে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে মৌসুম না হওয়া এবং সরবরাহ কম থাকায় কিছু সবজি এখনো ১০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে।বিক্রেতাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে বাজারে সবজির সরবরাহ আরও বাড়বে এবং আগামী দিনে দাম আরও কমে আসবে।