
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই সেই প্রতিষ্ঠান ঘিরে আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন প্রতিষ্ঠানটির পাঁচ বিনিয়োগকারী।বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে এগিয়েছে। মামলায় প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ব্র্যান্ডটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রসারে সেলেনা প্রত্যাশিত ভূমিকা পালন করেননি বলে অভিযোগ তাদের।বিনিয়োগকারীদের আরও দাবি, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি ও নতুন অ্যাপ চালুর মতো বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর অনেকটাই বাস্তবায়িত হয়নি। এমনকি প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটির সংকট গোপন রাখার অভিযোগও করেছেন তারা।এর আগে গত সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের দ্বন্দ্বের কারণে সেলেনার প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে দূরে থাকার বিষয়েও আলোচনা করা হয়।সেলেনা গোমেজ পপতারকা ও অভিনেত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’র প্রতিষ্ঠাতা। ২০২৪ সালে বিলিয়নেয়ার হিসেবেও স্বীকৃতি পান তিনি। এমন পরিস্থিতিতে তার সহপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।তবে মামলার বিষয়ে এখন পর্যন্ত সেলেনা গোমেজ কিংবা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণ আদায়ের দাবিতে করা এই মামলা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।