
বিতর্ক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার কারণে বারবার আলোচনায় আসা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হলেও ঝাড়খণ্ডের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি কেন নীরব—এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।এ অবস্থায় মেয়ের পাশে দাঁড়িয়ে ট্রোলিংয়ের তীব্র প্রতিবাদ করেছেন তার বাবা, বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।
তাঁর দাবি, সোনাক্ষীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোলিং চলছে, তা স্বাভাবিক সমালোচনা নয়; বরং পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে অর্থ লেনদেনের সম্পর্ক রয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে চলমান বিতর্ক এবং তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে কথা বলেন শত্রুঘ্ন সিনহা।সোনাক্ষী সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হওয়ায় তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে শত্রুঘ্ন সিনহা বলেন, এ মুহূর্তে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
তবে অতীতে তিনি নিজেও মেয়েকে এ বিষয়ে প্রশ্ন করেছেন বলে জানান।মেয়ের প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা বলেন, সোনাক্ষী একজন অত্যন্ত যোগ্য বাবার অত্যন্ত সুযোগ্য কন্যা। তিনি মেয়ের সিদ্ধান্ত ও অবস্থানের প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন।ঝাড়খণ্ডের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা দাবি করেন, কয়েক দিন আগেই সোনাক্ষী ঝাড়খণ্ডের শিশুদের সমর্থনে জোরালো বার্তা দিয়েছিলেন। তাই তিনি ওই বিষয়ে একেবারেই নীরব ছিলেন—এমন ধারণা সঠিক নয় বলেও ইঙ্গিত দেন তিনি।
অভিনয় জগতেও নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘সিস্টেম’ নামের একটি আইনি ড্রামায় আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে তাঁর পরবর্তী প্রকল্প বা নতুন চলচ্চিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।