
বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ের খোপোলির কাছে তিনটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মালাইকা অরোরার কপালে সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনার পর দেরি না করে তাকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার জন্য মালাইকাকে রাতভর পর্যবেক্ষণে রাখা হবে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামীকাল সকালে তাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হতে পারে।জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্টে অংশ নেওয়ার পর মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। পথে এক্সপ্রেসওয়ের ৩৮ কিলোমিটার পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়।
দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় সংঘর্ষের পর তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি অপর দুটি গাড়ির মাঝখানে ছিল বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার পর অপর দুটি গাড়ির চালক ঘটনাস্থল থেকে চলে যান। ফলে তারা কতটা আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খোপোলি পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত গাড়িগুলোর নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্টদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের পর প্রয়োজন অনুযায়ী এফআইআর দায়ের করা হবে।