
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজন ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি। একই সঙ্গে মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।