মুক্ত গণমাধ্যম, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং অপতথ্য ও সাংবাদিকতার অপচর্চা রোধে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম জেলা বিজেপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো চিফ মোস্তফা নইম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আরিফ, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো চিফ আলমগীর নুর এবং দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা। চট্টগ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা আহ্বায়ক এস. এম. ইকরাম হোসাইন। এ ছাড়া জেলা সদস্য সচিব এইচ. এম. তাহি, বাংলাদেশ ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আহ্বায়ক শাহরিয়ার হোসেন আরিফ, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফজলে রাব্বিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি। মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখার পাশাপাশি তথ্যের যথার্থতা, সংবাদ পরিবেশনের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চাও নিশ্চিত করা প্রয়োজন। তারা বলেন, অপতথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এবং সাংবাদিকতার অপচর্চা প্রতিরোধে গণমাধ্যম, রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করা দরকার। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও প্রত্যাশা করেন, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, যুক্তিনির্ভর বক্তব্য, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত উৎকর্ষ এবং দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। তারা আশা প্রকাশ করেন, মূলধারার গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠন এবং সচেতন নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণে দেশের গণমাধ্যম অঙ্গনে আরও স্বাধীন, সুস্থ, নৈতিক ও সমৃদ্ধ পরিবেশ তৈরি হবে। সভায় চট্টগ্রাম বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সমাজের সঙ্গে নিয়মিত সংলাপ, পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।