
চট্টগ্রামের জিইসি এলাকার আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে হোটেলটির রান্নাঘরে সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোররুমে বিড়ালের উপস্থিতি, খোলা ডাস্টবিন এবং ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।এ ছাড়া রান্নাঘরের ফ্লোর স্যাঁতসেঁতে ও ভাঙা অবস্থায় থাকা, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ এবং পোড়াতেল ব্যবহার করে খাদ্য উৎপাদনের মতো নানা অসঙ্গতিও পরিলক্ষিত হয়।
এসব অনিয়মের কারণে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম সহযোগিতা করে।
জনস্বার্থে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।