
চট্টগ্রামের মীরসরাইয়ে মোহনা টিভির প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলামকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি চার আসামি এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার করেরহাট এলাকা থেকে মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মাসুদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিমের নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মতিউর রহমানের পরিচালনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার মাসুদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং-০৪(০৯)২০২৬ দায়ের রয়েছে। তার বাবার নাম দুলাল উদ্দিন। তিনি জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকার বাসিন্দা।
এদিকে সহকর্মী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ এবং মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার মতো স্পর্শকাতর ঘটনায় মামলা হওয়ার পরও বাকি আসামিরা গ্রেফতার না হওয়া উদ্বেগজনক। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার বাকি চার আসামিকে গ্রেফতারের দাবি জানান।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু একজন-দুজন আসামিকে গ্রেফতার করলেই হবে না। মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকদের ওপর হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।গ্রেফতার মাসুদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। একই সঙ্গে মামলার বাকি চার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।