
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের ‘গুরু মা’ হিসেবে পরিচিত মৌসুমী (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান এলাকার নিজ বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তার গলায় চিকন কালো দাগ, মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং হাতে কালো দাগ দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।ঘটনাস্থলের প্রাথমিক আলামত পর্যালোচনা করে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৌসুমীর মৃত্যুর পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করছে পুলিশ।খুলশী থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাটির বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বিশেষ করে ঘটনার আগে ও পরে কারা ওই বাসায় যাতায়াত করেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।