
সাভার ও আশুলিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫৮ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন—সাভারের তেঁতুলঝোড়া এলাকার মো. সিয়াম (২০), শিবচরের মো. মাসুদ (২৭), সাভারের জোড়পুল এলাকার মো. হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), গোপালগঞ্জের মহিন তালুকদার (৩০), দারুস সালামের মো. রবিন (২৪), সাভারের সজিব খান (৩০), পোড়াবাড়ি এলাকার ডারজিনা বেগম (৩৫), সিরাজগঞ্জের মাজেদা খাতুন (৪৮) এবং আশুলিয়ার রায়হান ইসলাম (২৪)।ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পৃথক অভিযানে সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী থেকে ডারজিনা বেগমের কাছ থেকে ৪৮ পিস, বক্তারপুর এলাকা থেকে মাজেদা খাতুনের কাছ থেকে ৫০ পিস এবং আশুলিয়ার নবীনগর এলাকা থেকে রায়হান ইসলামের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডিবি জানায়, গ্রেপ্তারদের মধ্যে হাবিবুর রহমান ওরফে রাসেলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনেও অভিযান অব্যাহত থাকবে।