
দেশের বাজারে এক লাফে লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম। তবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর একদিন পর সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।
সিএনবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলক শক্তিশালী থাকায় আন্তর্জাতিক বাজারে দাম কমেছে।
সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপ্রকৃতি এখন সরবরাহ পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির ওপর অনেকটাই নির্ভর করছে। রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি কমে গেলে কিংবা জাহাজ চলাচলের পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্ববাজারে সরবরাহ কমে আবারও তেলের দাম বাড়তে পারে।