
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ১ হাজার ২২১ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। ফলে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।