চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিআরটিএ চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-১১-এর অভিযানে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনজুর আলম নগরের আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে। বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। অন্যদিকে, হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং দালালিসহ অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ, চট্টগ্রাম