
সেন্টমার্টিনের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১৭ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।
অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলিং বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।