
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর কারণ প্রকাশ করেছে সাউথ ক্যারোলাইনার গ্রিনভিল কাউন্টি করোনারের কার্যালয়। তদন্তে তার মৃত্যুকে দুর্ঘটনাজনিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
‘হিরোজ’ ও ‘নাশভিল’খ্যাত এই অভিনেত্রী গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে ৩৬ বছর বয়সে মারা যান। প্রথম দিকে তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি এবং পূর্ণাঙ্গ টক্সিকোলজি ও ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় ছিল কর্তৃপক্ষ।পরে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফেন্টানাইলসহ কয়েকটি ওষুধ ও পদার্থের বিষক্রিয়াকে তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনারের প্রতিবেদনে ফেন্টানাইল, 4-ANPP, আলপ্রাজোলাম, মেথোকার্বামল ও কুয়েটিয়াপিনের বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে।এর আগে হেইডেনের মুখপাত্র জানিয়েছিলেন, তদন্ত চলমান থাকায় যাচাইহীন বিভিন্ন তথ্যের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি সবাইকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
মৃত্যুর পর তদন্তে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (DEA)-এর সম্পৃক্ততার কথাও প্রকাশ্যে আসে। হেইডেনের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে সম্ভাব্য অবৈধ মাদকের প্রমাণ খুঁজতে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়েছিল বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।মৃত্যুর সময় অভিনেত্রীর সঙ্গে তার সাবেক প্রেমিক ব্রায়ান হিকরসন ও তার ভাই ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিকরসনের আইনজীবীও তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন।হেইডেন প্যানেটিয়ার ‘হিরোজ’, ‘নাশভিল’সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ডেস্ক রিপোর্ট