
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম ইমন (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর থানাধীন বি-ব্লক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইমন নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট এলাকার জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের হালিশহর বি-ব্লক এলাকায় বসবাস করছিলেন।পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানহাট মোড়ের পুলিশ বক্সের পাশে কয়েকটি ম্যাক্সিমা গাড়ি রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ সদস্যরা গাড়িগুলো সরানোর চেষ্টা করলে একটি ম্যাক্সিমার চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় ওই পুলিশ সদস্য প্রাণে বাঁচতে গাড়িটির সামনের অংশে উঠে পড়লেও চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালাতে থাকেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে গাড়িটি কদমতলী ফ্লাইওভার হয়ে ঈদগাঁ কাঁচা রাস্তার দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যকে উদ্ধার করতে ধাওয়া করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় গাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে পথচারীরা চিৎকার শুনে গাড়িটিকে থামালে চালক গাড়ি থেকে নেমে ওই পুলিশ সদস্যকে মারধর করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ইমনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানার মামলা নম্বর-১৬, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।