মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির স্লোগান ছিল—‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
মেয়র বলেন, মাছ মানুষের গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। দেশের নদী-নালা, খাল-বিল ও জলাশয় মাছের উৎপাদনের বড় উৎস হলেও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে মাছের প্রজননক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণ করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত মাছ রপ্তানি করা গেলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। এজন্য মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র ও জলাশয় রক্ষা এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মেয়র মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম