রংপুরের পাগলাপীরে পথসভায় তারেক রহমান, কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে কৃষকদের কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং ভবিষ্যতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।
তাঁর সফর ঘিরে সৈয়দপুর থেকে রংপুরগামী সড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ