ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা থাকায় তাঁকে ছেড়ে আসার সময় পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। রাত ৯টার দিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।