সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই ঘটনায় আহত ওমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপদে দেশে প্রত্যাবর্তন ও প্রয়োজনীয় সহযোগিতায় সমন্বয় করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় নিহত হন কাফেলার দলনেতা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। হামলায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।
হামলার খবর পাওয়ার পর ধর্মমন্ত্রী কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেন। আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি তাঁদের খোঁজখবর নেন।
হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে গেলে তাঁদের আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখা হয়।
গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে নিহত নাসরুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। এ সময় তাঁর মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের সঙ্গে ফোনালাপে ধর্মমন্ত্রী মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।
হামলার শিকার ওমরাহ কাফেলার ৪৫ সদস্যের মধ্যে ৩৩ জন গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান। ধর্মমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দরে তাঁদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
দেশে ফেরা যাত্রীরা জানান, ঘটনার পর ধর্মমন্ত্রী সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। দেশে ফেরার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থাও করা হয়। এ সহযোগিতার জন্য তাঁরা প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ