চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সুপারীওয়ালাপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে রাসেল ওরফে চেগা রাসেল (২৩), শরীফ (২৪) ও শাহাদাত ওরফে সাকা (২৫) গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার ওসি আরিফ ফয়সালের নেতৃত্বে এবং অপারেশন অফিসার মহসিন উদ্দিন রুবেলের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
গ্রেপ্তার রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা। অপর দুজন শরীফ ও শাহাদাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তাঁরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ২২ অক্টোবর ডবলমুরিং মডেল থানায় দায়ের করা ১৫ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।