প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।
সমঝোতা অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করবে। পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। একই সঙ্গে পুনর্ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি হবে।প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনামূল্যে প্রবেশের এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।