
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি ও এর নেতৃত্বকে বাধা দিতে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন, সেই উদ্দেশ্যে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন।
দুদু বলেন, “তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, নির্বাচন হবেই হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে এবং নূরের ওপর হামলা চালানো হয়েছে। যারা এসব করছে, তাদের উচিত সীমা লঙ্ঘন না করা। নইলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে।”
আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য না থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দুদু বলেন, “লুটপাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল। তবে তার দুই মেয়ের সময় সেই লুটপাট বহুগুণে বেড়েছে।”


