
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার শিকার হয়েছেন সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোর। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সারোয়ারের বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহত সারোয়ার ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শ্রাবণ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে সারোয়ার মাটিতে লুটিয়ে পড়ে এবং তার বাম হাতের দুটি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারী শ্রাবণ মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”


