
আসন্ন বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।
এতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী আশা করে। সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ নির্বাচন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানানো হয়।


