
চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তার স্থলে হাটহাজারী থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।
এর আগে একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ। তারা সংঘর্ষের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। পরে রাতে শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করে একই দাবি উত্থাপন করেন।
অবশেষে প্রশাসনের পক্ষ থেকে ওসি আবু কাওসার মাহমুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।


