
নেপালে চলমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঘরে অবস্থান করতে এবং অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস।
সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নেপালে অবস্থানরত অন্তর্মুখী যাত্রী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা নিজেদের হোটেল বা বর্তমান অবস্থানস্থলে থাকবেন। একইসঙ্গে বিদ্যমান নিরাপত্তাজনিত কারণে দেশটিতে নতুন করে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে নাগরিকরা সাদেক (+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯) এবং সরদা (+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১) এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন।
নেপালে চলমান ‘জেন জেড আন্দোলন’-এর জেরে এ সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন নিয়ন্ত্রক আইন অনুযায়ী নিবন্ধন না করায় দেশটির সরকার সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে তরুণ প্রজন্ম, বিশেষত শিক্ষার্থীরা, দুর্নীতি, সুযোগের অভাব, শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং ডিজিটাল সেন্সরশিপের বিরুদ্ধে রাস্তায় নামে।
শুধু কাঠমাণ্ডুতেই কমপক্ষে ১০ হাজারেরও বেশি তরুণ বিক্ষোভে অংশ নিচ্ছে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি নেপালে কয়েক দশকের মধ্যে একদিনে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমাণ্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।


