
স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “SMCH Summit 2025”। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে এই প্রথম দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সাউদার্ন মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্মেলনের লোগো, থিম ও ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সভাপতি ও সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, চমেকের অধ্যাপক এ এস এম জাহেদ, অর্গানাইজিং কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিকেল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলমসহ কমিটির সদস্য, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ বলেন, “প্রথমবারের মতো সাউদার্ন মেডিকেল কলেজ দেশি ও আন্তর্জাতিক গবেষকদের নিয়ে বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করছে। আমরা আশা করছি, এই সম্মেলন স্বাস্থ্যবিজ্ঞান ও মানবকল্যাণের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”


