শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরণে হট্টগোল, স্বতন্ত্র এমপি প্রার্থী বিপাকে

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাওলানা রায়হান জামিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। ইলিশ বিতরণের খবর শোনা মাত্রই বিভিন্ন গ্রামের শত শত মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। তবে পরিকল্পনার তুলনায় উপস্থিত জনতা অনেক বেশি হওয়ায় পর্যাপ্ত মাছ না থাকায় হট্টগোলের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, প্রার্থী মাত্র ৬০০ পিস ইলিশ নিয়ে এসেছিলেন, কিন্তু উপস্থিত জনসংখ্যা ছিল কমপক্ষে দুই হাজার। ফলে মানুষ ইলিশ না পেয়ে উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে। একপর্যায়ে জনতার চাপ বৃদ্ধি পাওয়ায় রায়হান জামিল ইলিশ বিতরণ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে দেয়, কিন্তু স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, ১০ টাকায় ইলিশ বিতরণের বিষয়ে পূর্বেই সঠিক তথ্য না দেওয়া ও পরিমাণ কম হওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষ খালি হাতে ফিরতে বাধ্য হয়েছেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মুফতি রায়হান জামিল নিজেও সাংবাদিকদের বলেন, “মানুষের উপকারের জন্য ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু অপ্রত্যাশিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত