
নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে প্রায় ৪০টি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি জানান, ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


