শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমি এমন একটি চট্টগ্রাম গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে, নিরাপদে ও সম্প্রীতির বন্ধনে বাস করতে পারবে — এটি হবে প্রকৃত অর্থে শান্তির শহর।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর অক্সিজেন এলাকার তৃশা কনভেনশন হলে চট্টগ্রাম বংশদীপ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রাম বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের শহর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান — সবাই এ নগরে বহু বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। এই ঐতিহ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের গৌরবও।”

তিনি আরও বলেন, “একটি সভ্য, নান্দনিক ও মানবিক শহর গড়তে হলে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে মানুষকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।”

ধর্মীয় নেতাদের উদ্দেশে মেয়র বলেন, “ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং যুক্ত করে। প্রতিটি ধর্মই মানবকল্যাণ ও শান্তির বার্তা দেয়। তাই ধর্মীয় উৎসবগুলোকে নাগরিক ঐক্য ও মানবতার উৎসবে পরিণত করতে চাই।”

অনুষ্ঠানে চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ ভিক্ষুগণ, বিভিন্ন প্যাগোডার প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ভদন্ত এস. শীলমিএ থেরো, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত উপানন্দ থেরো, ভদন্ত তেজপ্রিয় থেরো, ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষু ও বাবু রুবেল বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মেয়র শান্তির শহর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “উন্নয়ন হবে সবার জন্য — কোনো ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা নয়।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত