
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামী মো. গিয়াস উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৭, সিপিসি-৩, চাঁদগাঁও ক্যাম্প। তাকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুরে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, ভিকটিম রানু আক্তার (১৬) গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে চাকরির উদ্দেশ্যে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় গেলে তার আত্মীয় গিয়াস উদ্দিন (৪০) বিয়ের প্রলোভন দেখিয়ে আকমল আলী পকেট গেইটের নাজিম বিল্ডিংয়ের ৪র্থ তলায় নিয়ে যায়। সেখানে ১৯ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত একাধিকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের পরিবার ইপিজেড থানায় মামলা দায়ের করলে র্যাব-৭ ঘটনাটির তদন্তে নামে। দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আনোয়ারার দোভাষী বাজার এলাকা থেকে আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।


