
‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা এখন বিচারের জন্য প্রস্তুত।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে পলাতক আসামিদের হাজিরে পত্রিকা বিজ্ঞপ্তি দাখিল করেন রাষ্ট্রপক্ষ। এরপর আদালত মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন এবং নথি সিএমএম আদালতে পাঠানোর আদেশ দেন।এর আগে চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। আদালতের নির্দেশে তদন্ত শেষে তিনি ২৮৬ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়, আসামিরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এতে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকজন অংশ নেন। সভায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


