রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে দুলাল হোসেন (৬০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। পেশায় তিনি চাল ব্যবসায়ী ছিলেন। স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির পথসভায় অংশ নেন দুলাল হোসেন। দুপুরের কর্মসূচি শেষে বাড়ি না ফিরে শহরের দরগা রোডে জেলা জামায়াত কার্যালয়ে যান। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তিনি।

এশার নামাজ শেষ হওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করেন দুলাল হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাঁকে আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলাল হোসেন দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে একসঙ্গে এশার নামাজ আদায়ের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত