বুধবার, নভেম্বর ৪, ২০২৬

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে পদ্মার মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। সংঘর্ষে ওসি সাইফুল ইসলামসহ শ্রমিক ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাঁদের হামলায় ওসি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত