
‘দেনা পাওনা’ চলচ্চিত্রে পলির ফিরতি—১২ বছর পর আবারও ক্যামেরার সামনে
পরিচালক সাদেক সিদ্দিকী নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘দেনা পাওনা’, যার গল্প নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প থেকে। সরকারি অনুদানে নির্মিত এ ছবির মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও সিনেমায় ফিরছেন ঢালিউডের আলোচিত নায়িকা পলি।
বুধবার (২৬ নভেম্বর) বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে ছবিটির একটি আইটেম গানের শুটিং অনুষ্ঠিত হয়। গানটির সংগীত পরিচালনা করছেন বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান এবং দৃশ্যায়নে কোরিওগ্রাফার ইউসুফ খান। গানটিতে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)কে।দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে পলি বলেন, “১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। অনেক সিনেমার অফার পেয়েছিলাম আগে, কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। সংসার-ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম—বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম।”
নিজস্ব ভঙ্গিতে তিনি আরও যোগ করেন, “পলি মানেই চমক। এই গানটিও হবে একটি চমক। দর্শক নিশ্চয়ই পছন্দ করবেন।”২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন পলি। সর্বশেষ তিনি অভিনয় করেন রাজু চৌধুরী পরিচালিত ‘এক নম্বর আসামী’ ছবিতে, যা মুক্তি পায় ২০১২ সালে।ক্যারিয়ারের ১৩ বছরে পলি অভিনয় করেছেন প্রায় ১১৩টি চলচ্চিত্রে। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ ঢালিউডের প্রায় সব জনপ্রিয় অভিনেতার বিপরীতে কাজ করেছেন তিনি।বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। চার সন্তানের জননী এই অভিনেত্রী পরিচালনা করছেন নিজের বুটিক হাউস, আর তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী।


